আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) আন্তর্জাতিক ঋণদাতাদের সংস্কার কর্মসূচির কঠোর শর্ত মানা হবে কি হবে না, তা নিয়ে আগামীকাল রবিবার গ্রিসে ‘গণভোট’ অনুষ্ঠিত হবে। তবে এর আগেই শুক্র ও শনিবার ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পক্ষে বিক্ষোভ করেছে দেশটির জনগণ।
প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস গতকাল রাতে ‘না’ ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় সমর্থকেরাও চিত্কার করে তাঁকে উত্সাহ দেন। একই সময় সেখান থেকে কিছুটা দূরে ‘হ্যাঁ’ ভোটের সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে সতর্কতা জারি করে বলা হয়, ‘না’ ভোট দিলে গ্রিস ইউরোজোন থেকে বিচ্যুত হতে পারে।
আর্থিক সংকটে বিপর্যস্ত গ্রিসকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করেছে ইইউর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউরোজোনের দেশগুলোকে জরুরি আর্থিক সংকটে সহায়তা করা কর্তৃপক্ষ ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি (ইএফএসএফ) আনুষ্ঠানিকভাবে গ্রিসকে ঋণখেলাপি ঘোষণা করে। তবে তাত্ক্ষণিকভাবে এর কোনো প্রভাব পড়বে না বলে তারা জানিয়েছে।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন বেড়েছে। জনমত জরিপে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ৪৪ শতাংশ ভোট পড়েছে আর না এর পক্ষে ৪৩ শতাংশ পড়েছে।
