বিএনপি এক বিবৃতিতে সুচিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ড. রিপন বলেন, দীর্ঘ দিন থেকে বিএনপি’র কারাবন্দি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ। বরাবরই তিনি একজন অসুস্থ মানুষ। গত পাঁচ মাসের অধিক সময় কারান্তরীণ থাকার ফলে তার শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে।
তিনি বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তৎকালীন বিডিআর এর গুলিতে তার পেটের নাড়ীভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অস্ত্রোপচারের সময় তার খাদ্যনালীর বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। এর ফলে সেখানে মাঝে মধ্যেই এক ধরনের ব্লক তৈরি হয়, তার পেটের পীড়া মারাত্মক আকার ধারণ করে। এছাড়াও ২০০৪ সালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ও বাম পায়ের হাড় ভেঙ্গে যায়।
তিনি আরও বলেন, বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমেই অবনতিশীল পর্যায়ে চলে যাচ্ছে। তিনি কারাগারে পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচণ্ড ব্যাথার কারণে হাঁটাচলা করতে এবং ঘুমোতে পারছেন না।
সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে রুহুল কবির রিজভীর শারীরিক অসুস্থতা বিবেচনায় এনে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিতে হবে।
