গ্রেফতারের পর মুক্ত ফকনার ও পেইন

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৯:২৩
 
 
মদ্যপ অবস্থায় ইংল্যান্ডের ম্যানচেস্টরে গাড়ি চালানোয় পুলিশের হাতে গ্রেফতার হন ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের অলরাউন্ডার জেমস ফকনার। তার সাথে ছিলেন আরেক অস্ট্রেলিয়ান টিম পেইনও। পরে জরিমানা দিলে অবশ্য তাদের ছেড়েও দেয় পুলিশ। 
 
এক বিবৃতিতে ফকনার বলেন, আমি যা করেছি, এজন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এমন কাজ করা উচিত হয়নি। কথা দিচ্ছি, ভবিষ্যতে আর এমন কিছু করব না।
 
চলতি মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন ফকনার। ন্যাটওয়েস্ট টুয়েন্টি টুয়েন্টি খেলতে বর্তমানে ম্যানচেষ্টারে রয়েছেন তিনি। চলতি সপ্তাহে বেশক’টি ম্যাচও খেলেছেন ফকনার। তবে এরমধ্যে খেলার বাইরে ঝামেলাও পাকিয়ে ফেলেছেন তিনি।
 
তাসমেনিয়ার খেলোয়াড় টিম পেইনকে নিয়ে মদ্যপ অবস্থায় ম্যানচেষ্টারের রাস্তায় গাড়ি চালিয়েছেন ফকনার। এ অবস্থায় পুলিশ গ্রেফতার করে ফকনার ও পেইনকে। এরপর ঐ দুই খেলোয়াড়ের রক্ত পরীক্ষাও করে পুলিশ। পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে, তাদের রক্তে অতিরিক্ত মাত্রায় এ্যালকোহল ছিলো।
 
তাই মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ফকনার ও পেইনকে জরিমানা করে পুলিশ। পরে জরিমানা দিয়ে মুক্তি পান তারা। মুক্তি পেলেও ঝামেলা থেকে সহসা মুক্তি পাচ্ছেন না ফকনার। কারণ আগামী ২১ জুলাই কোর্টে এ বিষয়ে তাকে কৈফিয়ত দিতে হাজিরা দিতে হবে। 
 
শুধু আইনের বেড়াজালের চিন্তাতেই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া এটিকে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অপরাধও বলছে। আর এই শৃঙ্খলা ভঙ্গ দিয়ে বিশ্লেষণ করলে, এ্যাশেজ সিরিজের পর ওয়ানডে সিরিজে শাস্তি হিসেবে তাকে দলে নাও রাখতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। খবর বাসেসর।