টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি বাকি নেই। আগামী বছর ভারতে বসবে এই আসর। দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে পা রেখেই বলেছে, এই সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটো তাদের উপমহাদেশে বিশ্বকাপ মাথায় রেখে দারুণ ব্যাপার হবে।
কিন্তু বাংলাদেশ দল অন্তত এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে রাজী নয়। এরপর বাংলাদেশের ওয়ানডে সিরিজ আছে, অনেকগুলো টেস্ট আছে; আগের দিনই কোচ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক দূরের ব্যাপার। আর শনিবার জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিষ্কার বুঝিয়ে দিলেন টি-টোয়েন্টির মতো খেলার বিশ্বকাপকে এতো মাস আগে ভাবনায় আনার পক্ষেই নন তিনি।
মাশরাফি মানছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ একটা ব্যাপার। তবে সেটা একটু দুরে দুরে রাখারই পক্ষে তিনি, ‘টি-টোয়েন্টি ক্রিকেটকে ওভাবে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না। টি-টোয়েন্টি ক্রিকেটকে আমি এখনই এতটা গুরুত্ব দিতে চাই না। টি-টোয়েন্টি ক্রিকেটে ওদের বেশিরভাগ ক্রিকেটার যেই পর্যায়ে খেলে আমাদের কোনো ক্রিকেটার কিন্তু সেই পর্যায়ে খেলে না। এমনকি আমাদের ঘরোয়া লিগেও কিন্তু টি-টোয়েন্টি খেলার কোনো সুযোগ নাই। আমাদের বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু টি-টোয়েন্টি খেলে না। ফলে আমি এই ক্রিকেট নিয়ে অতো ভাবতে রাজি না।’
বিশ্বকাপ নিয়ে ভাবনা করার আরও সময় পাওয়া যাবে বলে অধিনায়ক বলছেন, তার আগে আরও অনেক কাজ আছে তাদের, ‘সত্যি বললে, এখনই ভাবছি না। এই দুইটা ম্যাচের জন্যে অবশ্যই না। এরপর চারটা টেস্ট ম্যাচ আছে। জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট ম্যাচ থাকতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে আছে। বিশ্বকাপের আগে ছয়-আট মাস আমরা শুধু ওয়ানডেই খেলেছি। প্রস্তুতি নিয়েছি সেভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনো অনেক সময় আছে। সামনের খেলাগুলো শেষ না করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা না করার কোনো কারণ আছে। করছিও না। আমরা এটা করছি যে কম্বিনেশন ঠিক করার চেষ্টা করছি। বিশ্ব্কাপকে সামনে রেখে এটাই ঠিক করা যেতে পারে। সামনে আরও সময় আছে। তখন ওগুলো নিয়ে ভাবা যাবে।
