‘পুলিশ পেট্রোলবোমা না মারলে আন্দোলন বন্ধ হতো না’

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২৩:২৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পুলিশই আমাদের আন্দোলনের সময় পেট্রলবোমা মারে । শুধু পেট্রোলবোমা নয়; বাসে আগুনও দিয়েছে তারা। পুলিশ নিজেই তা স্বীকার করেছে। তা নাহলে আমাদের তিন মাসের আন্দোলন বন্ধ হতো না। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না?
 
 শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিলে’ তিনি এ কথা বলেন।
 
বিএনপি ও ২০ দলীয় জোটের আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের ব্যানারে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিচারপতি টিএইচ খান। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 
বেগম খালেদা জিয়া বলেন, দেশের আদালতগুলোর বিচারকরা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার তাদের আরো নিয়ন্ত্রণ করতে সংসদে এ নিয়ে আরো পরিকল্পনা চলছে।
 
তিনি বলেন, আমাদের সময় আমরা বিচারবিভাগে কোনো হস্তক্ষেপ করি নাই। আমরা আওয়ামী লীগ-বিএনপি দেখি নাই। আজকে বিএনপির কর্মী হলে এক রকম বিচার আর আওয়ামী লীগ হলে আরেক বিচার, এ কেমন বিচার ব্যবস্থা? খালেদা বলেন,তাদের সময় চলন্ত বাসে গান পাউডার দিয়ে মানুষ মেরেছে, লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছে। আওয়ামী লীগ সন্ত্রাসী।
 
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, ঢাবির সাবেক প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।