‘উন্নয়নের স্বার্থে দেশ দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত রাখতে হবে’

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২১:৪৫
 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে।’
 
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশনের উদ্যোগে ‘চলমান রাজনীতি ও ঘোষিত বাজেট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত বলেন, ‘বাংলাদেশকে যদি সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত রাখা যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্য দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা সম্ভব।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বাংলাদেশ এখন স্বর্ণালি সময় পার করছে। অপরাজনীতি দূর করে এ ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের অর্জনে জাতিসংঘের স্বীকৃতি দেবে।’
 
সুরঞ্জিত বলেন, ‘দেশ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবেই চলবে। হিংসা-প্রতিহিংসা বাদ দিয়ে সবাইকে এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
 
আয়োজক সংগঠনের সভাপতি ইউসুফ আলী জীবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সভাপতি নারায়ণ দেবনাথ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক, বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশনের সহ-সভাপতি শওকত হোসেন প্রমুখ।