দম্পতি জুটি তাহসান-মিথিলা। দুজনই ছোটপর্দার জনপ্রিয় মুখ। গানের পাশাপাশি ধারাবাহিকভাবে প্রতি বছরই বিশেষ নাটকে অভিনয় করছেন তাহসান। নাটকে তার স্থানটাও এখনো বেশ মজবুত। তবে অনেকদিন তাহসান-মিথিলা জুটিকে দেখা যাচ্ছে না নাটকে। তবে এবার ঈদের একটি নাটকে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে অভিনয় করেছেন এই দম্পতি জুটি।
আশফাক নিপুণের পরিচালনায় নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। আমার প্রতিটি কাজের প্রতিক্রিয়া তার কাছ থেকেই প্রথমে পাই। নাটকে মিথিলা আমার সবচেয়ে প্রিয় সহশিল্পী। আমি যেহেতু পূর্ণাঙ্গ অভিনয়ের মানুষ না, তাই অভিনয় করতে গেলে নিজের প্রতি খানিকটা সন্দেহ থাকেই। মিথিলা থাকলে সেই বিষয়গুলো সহজ করে নিতে পারি।’
সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। তবে নাটকটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। নাটকের পাশাপাশি তাহসান ব্যস্ত আছেন তার গান নিয়ে। ঈদে তার নতুন একটি গানও রিলিজ হবে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।
