ইফতারির সময় বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১১

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১১:৫৬
 
ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এসময় সেখানকার বেশিরভাগ লোক ইফতারি করছিলেন।
 
পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শিয়া অধ্যুষিত আমিল জেলায় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে আটজন নিহত ও ২৭ জন আহত হয়। অন্যটি রাজধানীর দক্ষিণে দৌরার বাস গ্যারেজে বিস্ফোরিত হয়। এতে তিনজন মারা যায়।
 
এছাড়া বাগদাদের উত্তরপূর্বাঞ্চলের বালাদ রোজ শহরে তৃতীয় গাড়ি বোমা বিস্ফোরণে দুইজন মারা যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
 
তাত্ক্ষণিকভাবে ইরাকের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল দখল করে থাকা আইএস এর দায়  স্বীকার করেনি। সূত্র: রয়টার্স।