ব্রাজিলের প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৪:২৪

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফের ফোনে আড়ি পেতেছিল যুক্তরাষ্ট্র। শুধু তিনিই নন, ব্রাজিলের বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিকও এ ঘটনার শিকার হন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নথির বরাত দিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিক্স এ তথ্য জানিয়েছে। ইউএসটুডের এক খবরে এ তথ্য জানা গেছে।

উইকিলিক্স জানায়, ব্রাজিলের অন্তত ২৯ জন শীর্ষ রাজনীতিকের ফোনে আড়ি পেতেছিল এনএসএ। এই রাজনীতিকদের মধ্যে প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফ, তার সচিব, ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ রয়েছেন। এমনকি প্রেসিডেন্টকে বহনকারী জেটপ্লেনের টেলিফোনটিতেও আড়ি পাতা হয়।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও তার মন্ত্রিসভার কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর ফোনে যুক্তরাষ্ট্রের আড়ি পাতার খবর প্রকাশ হয়। উইকিলিক্সের প্রকাশিত এসব তথ্যে তোলপাড় হয় বিশ্ব। এরই ধারাবাহিকতায় এবার ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফের ফোনে আড়িপাতার খবর প্রকাশ করেছে উইকিলিক্স।