নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আবদুল মতিন নামে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক শিক্ষকের কক্ষ থেকে হিযবুতের সাংগঠনিক কর্মকাণ্ডের সিডি, লিফলেট ও জিহাদী বইয়ের ফটোকপিসহ তাকে আটক করা হয়।
আটক আবদুল মতিন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম প্রচারের জন্য আবদুল মতিন ওই শিক্ষকের কক্ষে গিয়েছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।
মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
