রাজধানীর পূর্ব বাড্ডায় ফয়সাল (৩০) নামের এক বিকাশের এজেন্টকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব বাড্ডার কবরস্থান রোডে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, রবিবার দুপুরে ফয়সাল বিভিন্ন দোকান থেকে টাকা উঠিয়ে মধ্য বাড্ডায় নিজের কার্যালয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ৩/৪ জন মুখোশধারী তার বাম পায়ে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফয়সাল পুলিশকে জানিয়েছেন, তার ব্যাগে তিন লাখ ১৯ হাজার টাকা ছিল।
ওসি আরো জানান, একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চক্রটিকে ধরার চেষ্টা চলছে।
