সিরিয়ায় আইএস ঘাটিতে ব্যাপক মার্কিন বিমান হামলা

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৮:১০
 
শনি ও রোববার সিরিয়ায় ইসলামিক স্টেটের(আইএস) কথিত রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় রাকা শহরে ১৬ দফা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।
 
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় এক শিশুসহ ছয় জন বেসামরিক লোক নিহত হয়েছেন। রাকা নগরীতে এই হামলায় নিহতদের বাকী সবাই আইএস সদস্য।
 
হামলার পর আইএস'র তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে বেশ কিছু আহত শিশুকে দেখা যাচ্ছে।
 
মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টমাস গিলেরান এক বিবৃতিতে বলেন, 'জোট বাহিনী রাকায় আইএস-এর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।এতে আইএসএর বেশ কিছু অবকাঠামো ও ট্রানজিট রুট ধ্বংস হয়েছে।'
এতে আরো বলা হয়, 'সিরিয়ায় আজ পর্যন্ত আমরা যেসব হামলা চালিয়েছি এটা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম বৃহৎ পরিকল্পিত হামলা। রাকা থেকে আইএস'র অগ্রযাত্রাকে রুখতে এর প্রভাব থাকবে।'
 
জিহাদি সংগঠনটি ২০১৩ সালে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সিরিয়ায় আবির্ভূত হয়। বর্তমানে দেশটির প্রায় অর্ধেক এর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: আল জাজিরা ও এএফপি