মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে রবিবার এ আপিল মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্টিত হয়।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মামলার শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন আইনজীবী এডভোকেট এএসএম শাহজাহান। তিনি সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া ২, ৩ নম্বর সাক্ষির দেয়া সাক্ষ্যের অসমাঞ্জস্য বিষয় নিয়ে যুক্তি পেশ করে শুনানি করেন।
এর আগে গত ১ জুলাই রাস্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।
২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাকা চৌধুরীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়।
