দৃশ্যত ম্যাচে তেমন কোনো লড়াই-ই হয়নি। বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়ে বিশাল ব্যবধানেই হারিয়েছে সফরকারীরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা মনে করছে, এই লড়াইয়ে তারা এগিয়ে যাওয়ার একমাত্র কারণ ভাগ্য। যে ভাগ্যের ফলে তারা এমন উইকেটে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পেরেছে।
দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা রিলি রুসো জানান, বোলিং দু দলই অসাধারণ করেছে। সেখানে দ্বিতীয় ইনিংসে উইকেটের সহায়তা পেয়ে পরিষ্কার এগিয়ে গেছেন তারা। 'আমার ধারণা দু দলই ভালো স্পিন করেছে আজ। আমাদের ভাগ্য ভালো যে, আমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পেরেছি। এটা আমাদের বেশ সহায়তা করেছে। সবকিছুর পর আমি বলবো, দু দলই ভালো স্পিন করেছে।'
প্রথম ইনিংসের পরই দক্ষিণ আফ্রিকা দল বুঝতে পারছিলো যে, জয় পাওয়া সম্ভব। স্কোরটাকে এখানে বেশ বড় বলেই মনে করছিলেন তারা, 'প্রথমত আমরা পরিসংখ্যানের দিকে তাকিয়ে মনে করছিলাম, এই গ্রাউন্ডে দিনের ম্যাচে ১৫০ একটা ভালো স্কোর। ফলে আমরা মনে করেছি, আমাদের জয়ের ভালো সম্ভাবনা আছে। বিশেষ করে বল যেখানে ভালো টার্ন করছে এবং দ্বিতীয় ইনিংসে বল অনেক ধীর হয়ে গিয়েছিলো। এর ফলে আমাদের কাজটা খুব সহজ হয়ে গিয়েছিলো।'
এই উইকেটে ১৪৮ রানকেও বড় মনে করেন রুসো। আর সেই স্কোরটা এনে দেওয়ার জন্য খুব ধন্যবাদ দিলেন তিনি ফাফ ডু প্লেসিসকে, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে ফাফ দারুন একটা ভূমিকা রেখেছে। বিশেষ করে দুটো উইকেট দ্রুত হারিয়ে ফেলার পর সে খেলাটা সামনে নিয়ে এগিয়েছে এবং নিজের খেলাটা খেলেছে।'
তবে বারবার করেই রুসো মনে করিয়ে দিলেন, এই খেলায় উইকেট কতোটা ভূমিকা রেখেছে। পরিষ্কার করে আবারও বললেন, 'বোলিং আমরা দারুন করেছি। খেলাটা একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করেছি। তবে আবারও বলি, আমরা দ্বিতীয় ইনিংসে বল করাটার সুবিধা পেয়েছি। বল দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের চেয়ে অনেক বেশী টার্ন করেছে।'
উইকেট তো আছেই, এর বাইরে বাংলাদেশের দর্শককে জয় করে এই ম্যাচ বের করাটাও কঠিন একটা ব্যাপার ছিল বলে মানছেন তিনি, 'বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে খেলাটা কখনোই সহজ ব্যাপার না। তারা কন্ডিশন ভালো চেনে। সবচেয়ে বড় কথা এই বিশাল দর্শকের সমর্থন পায় তারা। পরিবেশটা তো গা শিউরে ওঠার মতো। এখানে বাংলাদেশের বিপক্ষে ভালো করতে প্রত্যেকের সেরাটা খেলতে হয়।'
