কোনো মন্ত্রী বা সংসদ সদস্য এবিসির টক শোতে অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসির লাইভ অনুষ্ঠান আস্ক এ কোয়েসচান- এ সন্দেহভাজন এক সন্ত্রাসীকে কথা বলার সুযোগ দেয়ার পর প্রধানমন্ত্রী অ্যাবোটের এই নিদের্শ এল।
সোমবার বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
কৃষিমন্ত্রী বারনাবি জয়সে সোমবার পূর্ব নির্ধারিত এবিসির লাইভ অনুষ্ঠানে যোগ দেননি। জয়সের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে টক শো প্রত্যাখ্যান করেছেন জয়সে।
সিডনি মর্নিংকে জয়সের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী চাইছেন, সরকারের প্রথম সারির কেউ যেন এই শোতে হাজির না হয়।
গত সপ্তাহে এবিসির লাইভে কথা বলতে দেয়া হয় সিডনির সন্দেহভাজন সন্ত্রাসী জাকি মাল্লাহকে। ২০০৫ সালে সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়ার জন্য গ্রেফতার হন তিনি। পরে অবশ্য সন্ত্রসী মামলা থেকে খালাস পান জাকি মাল্লাহ।
অবশ্য, লাইভ অনুষ্ঠানে জাকি মাল্লাহকে ডাকায় ভুল স্বীকার করেছে এবিসি কর্তৃপক্ষ।
