ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম প্রতিবন্ধী নারী ইরা

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১১:৪১
 
প্রতিবন্ধিতাকে জয় করে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলের তালিকায় সবার শীর্ষে স্থান দখল করে নিয়েছেন অদম্য মেধাবী নারী ইরা সিঙ্ঘল।
 
দিল্লীর বাসিন্দা ইরা ডাক্তারি ভাষায় ৬২ শতাংশ চলাচলে অক্ষম। তবে ৩০ বছর বয়সী এই যুবতীকে থামিয়ে রাখতে পারেনি তার শারীরিক প্রতিবন্ধকতা। ২০১০ সালে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন। কিন্তু তাকে চাকরি দেয়া হয়নি। কারণ, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে তিনি শারীরিকভাবে এই চাকরির জন্য সক্ষম নন। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানেননি ইরা। তিনি আবারো প্রমাণ করেছেন নিজের মেধা ও যোগ্যতার শ্রেষ্ঠত্ব। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের সহায়তায় তিনি যে শারীরিকভাবে সক্ষম, সেই রিপোর্ট জমা দেন। তারপর দু’বছর ইরা নিজের দক্ষতা প্রমাণ করেন কর্মক্ষেত্রে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সকলে একথা মানতে বাধ্য হন যে তিনি শারীরিকভাবে সক্ষম।
 
IMG0
 
ইরা পরীক্ষায় নিজের প্রস্তুতি নিয়ে নিশ্চিত ছিলেন। ফল যে ভালো হবে, সে ব্যাপারেও এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি। তবে একেবারে যে প্রথম হওয়াটা তার কাছে অপ্রত্যাশিত। ফল প্রকাশের দিন প্রথমে একজন বন্ধুর থেকে ইরা সুখবরটি পান। ইরা বলেন, ‘আমি উল্লসিত, উত্তেজিত এবং খুব খুব খুশি হয়েছি।’
 
ভবিষ্যতে একজন সফল আইএএস অফিসার হতে চান তিনি। এমনকি, সমাজে প্রতিবন্ধী এবং মহিলা ও শিশুদের উন্নতির জন্যও কিছু করতে চান দিল্লীর এই স্কলার।
 

এদিকে সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলে প্রথম ৫ জনের মধ্যে ৪ জনই মহিলা। ইরা সিঙ্ঘলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে রেণু রাজ, নিধি গুপ্ত ও বন্দনা রাও। চূড়ান্ত পরীক্ষায় সফল হয়েছেন ১ হাজার ২৩৬ জন। সফল পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

খবর বাসসের।