আফগানিস্তান ও পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১২:১৬
আফগানিস্তানের কান্দাহার ও পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক মাকের্টে রবিবার বোমা হামলায় নিহত হয়েছে চারজন। 
 
আফগানিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। অপরদিকে পাকিস্তানে বোমা বিস্ফোরণে একজন নিহত ও আটজন আহত হয়।
 
কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র শামীম খালওয়াক জানান, ইফতারের কিছুক্ষণ আগে গাড়িটি যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটনা হয়।
 
এ ঘটনায় দুই বেসামরিক লোক ও এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর ১৩ জন আহত হয়। 
 
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুররানী জানান, এই ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
 
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। 
 
অন্যদিকে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোমা বিস্ফোরণের ঘটনায়  পুলিশ জানায়, কোয়েটা নগরীর মধ্যাঞ্চলে বাচ খান স্কয়ারের মার্কেটে ব্যস্ততম সময় বোমাটি বিস্ফোরিত হয়।
 
কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। প্রদেশটিতে দীর্ঘমেয়াদী জাতীয়তাবাদী বিদ্রোহ চলে আসছে। বিদ্রোহীরা তেল, গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশটির আরো বেশি নিয়ন্ত্রণ পেতে চায়।
 
সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল রাজ্জাক চিমা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় একজন নিহত ও আট জন আহত হয়েছে। পুলিশ বোমাটির ধরণ সম্পর্কে জানতে তদন্ত চালাচ্ছে।
 
তিনি জানান, ওই স্থানের কাছে বেশ কয়েকজন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য ছিলেন। 
 
এই বিস্ফোরণের জন্যও কেউ দায় স্বীকার করেনি।
 
সূত্র: এএফপি।