গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ করছেন। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ঋণদাতাদের প্রস্তাব গণভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের পরপরই সোমবার এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন তিনি।
রবিবার অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৮.৬৯ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে ৬১.৩১ শতাংশ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণভোটের আনুষ্ঠানিক এ ফলাফল প্রকাশ করে।
অর্থমন্ত্রী তার নিজস্ব ব্লগে পদত্যাগের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘গণভোটের ফলাফল ঘোষণার পরপরই ইউরোগ্রুপের কারো কারো পছন্দের বিষয়ে আমি সতর্ক হয়ে যাই। কারণ গ্রুপের কেউ কেউ চাচ্ছে গ্রিস সংকট নিয়ে ডাকা বৈঠকে আমি যেন না থাকি। আমার অনুপস্থিতির মধ্যদিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর জন্যে সহায়ক হবে এমনটাই বিবেচনা করা হচ্ছিল। ফলে আমি অর্থমন্ত্রণালয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেই।’
উল্লেখ্য, গত কয়েকমাসে গ্রিস সংকট নিয়ে ঋণদাতাদের সঙ্গে নানা বৈঠকে তিনি ব্যাপক বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
