স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আসন্ন ঈদে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যথেষ্ট তৎপর রয়েছে।’ সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তত্পর। আশা করছি অন্যবারের মতো এবারও দেশবাসী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।’
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় তা করছে। আইজিপির নেতৃত্বে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে যে সব সমস্যা হয় তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে এবং মহাসড়কে যেন যাত্রীদের ভোগান্তিতে পরতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পর্যায়ে জেলা পুলিশ এবং মহানগরীতে নগর পুলিশ কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী ছিনতাই, মলম পার্টিসহ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে।’
খবর বাসসের।
