গ্রিসের ‘না’ ভোটের প্রভাব এশিয়ার শেয়ার বাজারে

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৪:২২
 
গ্রিসের জনগণ ঋণদাতাদের কাছ থেকে কঠোর শর্তে অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) নাকোচ করার পর এর প্রভাব এশিয়ার শেয়ারবাজারে পড়েছে। অর্থনৈতিকভাবে প্রভাবশালী অধিকাংশ দেশের শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। সোমবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শেয়ারবাজারে লেনদেন আট শতাংশ কমেছে। টোকিওতে ২ দশমিক ১৮ শতাংশ, সিউলে ১ দশমিক ৮৩ শতাংশ, সিডনিতে ১ দশমিক ১৮ শতাংশ লেনদেন কমেছে।
 
বাজার বিশ্লেষকেরা মনে করছেন, গ্রিসের অর্থনৈতিক সঙ্কটময় পরিস্থিতির কারণে এশিয়ার শেয়ারবাজারে সাময়িক এই প্রভাব পড়েছে।
 
জাপানের টোকিওর নোমুরা সিকিউরিটিজের পুঁজিবাজার বিশ্লেষক শিনা হারুই বলেন, এশিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাবের বিশেষ কারণ নেই। তবে ইউরোজোন থেকে গ্রিসকে বের হওয়া লাগতে পারে ভেবে এশিয়ার শেয়ারবাজার খানিকটা এলোমেলো হয়ে পড়েছে।
 
রবিবার বেইল আউট নিয়ে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে গ্রিসকে ইউরোজোন থেকে বিদায় নিতে হতে পারে। এমনকি ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনার সব পথ শেষ। তাদের কাছ থেকে সহায়তা না পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এএফপি।