নাইজেরিয়ায় একাধিক হামলায় নিহত ৫০

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৭:৩২
 
নাইজেরিয়ার জস শহরের দুই দফা বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। প্রথমটি একটি রেস্টুরেন্টের সামনে ও দ্বিতীয় হামলাটি হয় মসজিদের কাছে। এছাড়াও গত রবিবার একটি চার্চে আত্মঘাতী হামলায় ছয় জন নিহত হন।
 
বিবিসির খবরে জানানো হয়েছে, একজন আলেমকে টার্গেট করে মসজিদের কাছে হামলা করা হয়। প্রাথমিকভাবে কোন পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জসে এর আগে বোকো হারাম হামলা চালিয়েছিল।
 
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, রেস্টুরেন্টের হামলায় ২৩ জন ও মসজিদের হামলায় ২১ জন নিহত হন। এছাড়াও আহত ৪৭ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ।
 
এর আগে রোববার নাইজেরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হন। রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োব প্রদেশের পোতিস্কাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রেড ক্রসের সূত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইয়োবের পোতিস্কাম শহরে বোকো হারামের এক আত্মঘাতী সদস্য বোমা হামলা চালায়।
 
গত সপ্তাহে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় কমপক্ষে ২০০ লোক মারা গিয়েছিল। কট্টরপন্থী ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। তাদের এই সহিংস কর্মকাণ্ডে গত ছয় বছরের ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র: বিবিসি