অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের সমর্থকরা গ্রামীণ ব্যাংকের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রনালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন,‘দেশে ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন ড. ইউনূস। তিনিই প্রথম ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো- এক সময় নিজেই তিনি ক্ষুদ্রঋণের ইন্সটিটিউশন বনে যান (গ্রামীন ব্যাংকের মালিক)। এটা নিয়েই তার সাথে আমাদের বিরোধ। গ্রামীণ ব্যাংকের উন্নয়ন করার প্রয়োজন। কিন্তু ব্যাংকের শেয়ার হোল্ডারধারী ইউনূসের সমর্থকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা বিভিন্ন সময় মামলা করে এ উন্নয়ন ঝুলিয়ে রেখেছে।’
২০১৪-১৫ অর্থবছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যবিবরণীর হিসাব বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ওই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান,অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খাইরুল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (ইডরা) চেয়ারম্যান শেফাক আহমেদসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
