ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে মামলার অনুমোদন

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৯:৪৪


ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শীঘ্রই মামলাটি দায়ের করা হবে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা সরদার মঞ্জুর আহম্মদ।

অবৈধ সম্পদ অর্জন ও ভুয়া তথ্য দিয়ে পত্রিকার ডিক্লারেশন চাওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
দুদকের উপ-সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদ সাংবাদিকদের জানান, ওশান গ্রুপের এমডি মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। ডিক্লারেশনের জন্য তিনি যে সব তথ্য দিয়েছেন তা ভুয়া— এমন অভিযোগ দুদকে এলে তা যাচাই-বাছাই করে অনুসন্ধান শুরু করা হয়।

কমিশনের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় এজাহার দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। অনুমোদিত মামলার এজহারে খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগও আনা হয়েছে। তবে অবৈধ সম্পদের পরিমাণ সম্পর্কে তথ্য জানা যায়নি।