জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার নিজস্ব প্রোডাকশন হাউজ মনসুন ফিল্মসের আপকামিং চলচ্চিত্র ‘দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’-এ নতুন অভিনয় শিল্পীদের সুযোগ করে দেবার লক্ষ্যে নতুন মুখের সন্ধানে ‘ট্যালেন্ট হান্ট’ নামক কার্যক্রম শুরু করেন। ট্যালেন্ট হান্ট কার্যক্রম থেকে ১৫টি ক্যাটাগরিতে নির্বাচিত মোট ২৫ জন নতুন মুখ আপকামিং এই চলচ্চিত্রে অনন্ত ও বর্ষার সাথে অভিনয়ের সুবর্ণ সুযোগ পাবেন। ট্যালেন্ট হান্ট কার্যক্রমের প্রথম ধাপ রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ২০ মে থেকে। এ পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সাড়া পাওয়া গেছে। সারাদেশ থেকে অসংখ্য ম্যাসেজ এবং অগণিত আগ্রহীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে উক্ত ট্যালেন্ট হান্ট কার্যক্রমের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, আগামী ৩ আগষ্টের পর কোনোভাবেই সময়সীমা বাড়ানো হবে না। রেজিস্ট্রেশনের এই সময়সীমা শেষ হবার পর আগষ্টের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে অডিশন কার্যক্রম শুরু হবে। যার প্রতিটি নির্ধারিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। বৃহত্ এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের টেলকো পার্টনার রবি, টেকনিক্যাল পার্টনার লাইভ টেকনোলোজিস লিমিটেড, মার্কেটিং পার্টনার সিন ইন্টারন্যাশনাল লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার এটিএন বাংলা এবং রেডিও পার্টনার রেডিও নেক্সট ৯৩.২ এফএম।
