পিতার পরিচয় না দিয়েই সন্তানের অভিভাবকত্ব পাবেন মা

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১০:৪৪
 
বাবার দরকার নেই। অবিবাহিত মা চাইলে পিতার পরিচয় না দিয়েই সন্তানের অভিভাবকত্ব পেতে পারেন। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট যুগান্তকারী এ রায় দিয়েছে।
 
রায়ে বলা হয়, অবিবাহিত মায়েরা চাইলে সন্তানের আইনি অভিভাবকের স্বীকৃতি পাবেন। এক্ষেত্রে বাবার সম্মতির কোনো প্রয়োজন নেই।
 
এক্ষেত্রে মা না চাইলে সন্তানের পিতৃপরিচয়ও সর্বসমক্ষে আনার প্রয়োজন নেই। অভিভাবকত্বের দাবি জানিয়ে পিটিশন দায়ের করার জন্য যৌথ আবেদনেরও প্রয়োজন নেই আর।
 
বিচারপতি বিক্রমজিত্ সেনের নেতৃত্বাধীন এক বেঞ্চ এই রায় দিয়েছে। তবে শিশুর স্বার্থে অভিভাকত্বের পিটিশনের ক্ষেত্রে বাবার কাছে নোটিশ দায়ের করা আবশ্যক নয়।
 
শিশুর অভিভাবকত্বের আইনি লড়াইয়ে সংবিধিবদ্ধ পিতৃপরিচয়ের আবশ্যকতাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করে ছিলেন এক মা। তাঁর দাবি ছিল তাঁর সন্তানের পিতাকে তিনি বিয়েই করেননি। সে ক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব এককভাবে তাঁকেই দেয়া হক। সেই আবেদনকেই স্বীকৃতি দিল শীর্ষ আদালত।
 
পিটিশনটিতে ওই মহিলা জানিয়ে ছিলেন তাঁর সন্তানের বাবা এই সন্তানের কথা জানেনই না। ভারতের চলতি আইন অনুযায়ী অভিভাবকত্বের দাবির ক্ষেত্রে সন্তানের বাবার সম্মতি জানতে তাঁর কাছে নোটিশ পাঠানো আবশ্যক।
 
এ ক্ষেত্রে ওই মহিলা জানিয়ে ছিলেন পিতৃপরিচয় প্রকাশ্যে এলে উভয়পক্ষই সমস্যায় পড়বে। তাঁর দাবি ছিল শিশুটির বড় হয়ে ওঠা বা দেখভালের ক্ষেত্রে বাবা কোনো ভূমিকাই পালন করেনি। সে ক্ষেত্রে বাবার পরিচয় প্রকাশ্যে না আনা তাঁর অধিকার।

খবর বাসসের।