বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১১:৩০
 
বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ জাপানের সাকারি মোমোই ১১২ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার জাপানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
 
চার বছর আগে জাপানের ফুকুশিমার যে এলাকায় সুনামি আঘাত হেনেছিল ও পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, সেখানেই ১৯০৩ সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন মোমোই। ঐ বছরটিতেই শিশুদের জনপ্রিয় খেলনা টেডি বিয়ার বাজারে এসেছিল এবং অর্ভিল রাইট প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন।
 
২০১৪-র অগাস্টে মোমোইকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ বলে ঘোষণা করেছিল গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস্।
 
পেশায় সাবেক শিক্ষক মোমোই ক্যালিগ্রাফি প্র্যাকটিস করে ও যে হাসপাতালে বাস করতেন সেখানকার বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে সময় কাটাতেন।
 
মোমোইয়ের মৃত্যুর পর এখন জাপানের অপর প্রবীণ ব্যক্তি ইয়াসুতারো কোইদে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের স্বীকৃতি পাবেন বলে ধারণা করা হচ্ছে। মোমোইয়ের মতো ১৯০৩ সালের হলেও তিনি জন্মেছিলেন একমাস পর মার্চে। অপরদিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নারী সুসান্নাহ মুশহাত জোন্স। সূত্র: রয়টার্স।