গ্রিন বিজনেসে সহায়তার আশ্বাস দিলেন গভর্নর

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৩:১০
 
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড.আতিউর রহমান বলেছেন, ব্যবসায়ীরা এগিয়ে এলে গ্রিন বিজনেসের উন্নয়ন করা সম্ভব। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকার সর্বোচ্চ সহায়তা করতে সম্মত। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও ছাদ বাগান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
 
আতিউর রহমান বলেন, শহরের তাপমাত্রা গ্রামের তুলনায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে ছাদে বাগান করা হলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমিয়ে আনা সম্ভব। ব্যবসায়ীরা এই কাজে এগিয়ে আসলে এই খাতের উন্নয়ন করা সম্ভব।
 
তিনি আরো জানান, বিদ্যুতের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদেরও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দেয়া হবে।
 
এসময় গর্ভনর নারায়ণগঞ্জের কয়েকজন ছাদ বাগান মালিকের হাতে বিভিন্ন ফল গাছের চারা তুলে দেন।
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের উদ্যোগে প্রকাশিত ‘গ্রিন ব্যাংকিং ও পরিবেশ রক্ষায় ছাদে বাগান’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন গর্ভনর।