এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে পাঁচ বছরের চুক্তিতে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন তুরষ্কের আন্তর্জাতিক মিডফিল্ডার আরডা তুরান।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে বার্সেলোনা প্রাথমিক চুক্তিতে ৩৪ মিলিয়ন ইউরো দিবে, বাকি সাত মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দেয়া হবে।
সাম্প্রতিক সময়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার দিয়েগো সিমিয়োনের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১১ সালে গ্যালাতাসারে থেকে তিনি স্পেনে যোগ দেন। কাতালান তাদের মধ্যমাঠ শক্তিশালী করার লক্ষ্য নিয়েছিল আসন্ন মৌসুমে। বিশেষ করে অভিজ্ঞ জাভি হার্নান্দেজ চলে যাবার পরে এই জায়গায় তাদের ঘাটতি দেখা দেয়।
আগামী ১৮ জুলাই পর্যন্ত বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন নিয়ে ব্যস্ততা রয়েছে। তাই তুরানের হয়ত এই মুহূর্তেই ক্লাবে আসা হচ্ছে না । তবে যাই হোক ট্রান্সফার সংক্রান্ত ফিফার নিষেধাজ্ঞার কারণে ২০১৬ সালের আগে তুরানের বার্সেলোনার পক্ষে অভিষেক হচ্ছে না।
