শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন অদম্য মেধাবী নারী ইরা সিঙ্ঘল। দিল্লির বাসিন্দা ইরা চলাচলে অক্ষম। প্রায় নয় লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেন তিনি।
তবে ৩০ বছর বয়সী এই তরুণীকে থামিয়ে রাখতে পারেনি তার শারীরিক প্রতিবন্ধকতা। ২০১০ সালে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তাকে চাকরি দেয়া হয়নি। কারণ, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে তিনি শারীরিকভাবে এই চাকরির জন্য সক্ষম নন।
তার পরও প্রতিকূলতার কাছে হার মানেননি ইরা। আবারও প্রমাণ করেছেন নিজের মেধা ও যোগ্যতার শ্রেষ্ঠত্ব। তার শারীরিক সক্ষমতা প্রমাণে ভারতের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সার্টিফিকেট নেন। তারপর দুবছর ইরা নিজের দক্ষতা প্রমাণ করেন কর্মক্ষেত্রে।
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সকলে একথা মানতে বাধ্য হন যে তিনি শারীরিকভাবে সক্ষম। এরপর তিনি কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ সার্ভিসে অ্যাসিসট্যান্ট কমিশনার পদে নিযুক্ত হন। বর্তমানে অন্ধ্রপ্রদেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ড. ম্যারি চান্না রেড্ডির তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ভবিষ্যতে একজন সফল আইএএস অফিসার হতে চান তিনি। এমনকি, সমাজে প্রতিবন্ধী এবং মহিলা ও শিশুদের উন্নতির জন্যও কিছু করতে চান দিল্লীর এই স্কলার।
