আইএসের বিরুদ্ধে হামলা তীব্রতর করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২০:১২
 
সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা তীব্রতর করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। 
 
সোমবার পেন্টাগনে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় অতিরিক্ত সেনা পাঠাবে না, কিন্তু দেশটির মধ্যপন্থী আইএস বিরোধী শক্তির জন্য সহযোগিতা বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, আইএসকে পরাজিত করতে 'ভূমির ওপর একটি কার্যকর সহযোগী' প্রয়োজন। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর হাত থেকে আইন ইসা শহরটি আইএস জঙ্গিদের পুনর্দখল করার প্রেক্ষাপটে ওবামা এসব কথা বলেন। 
 
গত শনি ও রবিবার সিরিয়ায় ইসলামিক স্টেটের(আইএস) কথিত রাজধানী রাকায় ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় শহরটিতে ১৬ দফা হামলায় অন্তত ২২ জন নিহত হয়।
 
ওই হামলার সূত্র ধরে ওবামা বলেন, 'আমাদের জোট এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে।' তিনি বলেন, 'সিরিয়ায় আইএসআইএল ঘাঁটিতে আমরা আমাদের শক্তিপ্রয়োগ তীব্রতর করেছি।' তিনি আরো বলেন, 'যখন ভূমিতে আমাদের একটি কার্যকর সহযোগী থাকবে, তখন আইএসআইএল-কে পিছু হটানো যেতে পারে।' তবে এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই 'দ্রুত হবে না' বলেও মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দেন।
 
সোমবার এর আগে কুর্দি বাহিনীর কাছ থেকে উত্তর সিরিয়ার রাকা কাছাকাছি আইন ইসা শহরটি আইএস জঙ্গিদের পুনরায় দখল করে নেয়ার খবর পাওয়া যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাকা থেকে ৫০ কিলোমিটার দূরের শহরটি এবং আশেপাশের গ্রামগুলো জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে। সূত্র: বিবিসি