বাগদাদে জঙ্গিবিমানের যান্ত্রিক ত্রুটির বলি ১২

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২১:০৩
 
ইরাকি বিমান বাহিনীর 'ত্রুটিপূর্ণ' একটি যুদ্ধবিমান থেকে পড়া একটি বোমার বিস্ফোরণে বাগদাদের পার্শ্ববর্তী একটি এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
 
ইরাকি সামরিক বাহিনীর দাবি, সোমবার ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের ওপর বোমাবর্ষণ করে ফেরার সময় একটি সুখয় জঙ্গিবিমান থেকে 'যান্ত্রিক সমস্যার কারণে' বোমাটি পড়ে যায়।
 
জঙ্গি বিমানটির পাইলট কয়েক দফা বোমাবর্ষণের পর একটি বোমা কারিগরি সমস্যার কারণে আটকে গিয়েছিল বলে দাবি করেছে সামরিক বাহিনী। ছয়বার চেষ্টা করেও পাইলট বোমাটি মুক্ত করতে পারেনি। পরে বিমানটি ঘাঁটিতে ফেরার পথে বোমাটি পড়ে যায়। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়।
 
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বলেছেন, 'কারিগরি সমস্যার কারণে একটি বোমা আটকে গিয়েছিল। বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বোমাটি বাগদাদের পার্শ্ববর্তী জাদিদা এলাকায় পড়ে যায়।' সূত্র: এএফপি