হকার উচ্ছেদের প্রতিবাদে বাড্ডায় সড়ক অবরোধ

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২১:৩৯
 
 
রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণিতে হকার উচ্ছেদের প্রতিবাদে হকারদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সড়ক আবরোধ করা হয়। মঙ্গলবার সকালে মেরুল বাড্ডা থেকে গুলশান সংযোগ সড়ক (লিংক রোড) পর্যন্ত তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় থানা পুলিশ ঈদ পর্যন্ত রাস্তার পাশে হকারদের এক সারিতে দোকান চালু রাখার মৌখিক অনুমতি দিলে তারা সড়ক থেকে চলে যান। এ দিকে, হকারদের বিক্ষোভের কারণে প্রগতি সরণি ও এ সড়ক সংযুক্ত সবগুলো এলাকায় ১১টার পর যানজটের সৃষ্টি হয়।
 
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হকার নেতারা বলেন—আমরা উচ্ছেদ মানি, তবে আমাদের সময় দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঈদের আগে রমজানে ব্যবসা-বাণিজ্য না করতে পারলে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে। হঠাত্ উচ্ছেদের ফলে শত শত হকার বেকার হয়ে পড়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, হকারদের পুনর্বাসন না করে এ পদক্ষেপ বাস্তবায়ন না করতে।
 
এ ছাড়া সড়কজুড়ে সমাবেশ চলাকালে বাড্ডা থানার ওসি আব্দুল জলিলসহ পুলিশের অনান্য সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ ঈদ পর্যন্ত রাস্তার পাশে হকারদের দোকান চালুরাখার মৌখিক অনুমতি দিলে তারা সড়ক ছাড়েন।