অ্যাশেজে ইংল্যান্ডকে ‘নির্ভীক’ থাকতে বললেন ভন

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২২:২৫
 
সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করতে চাইলে স্বাগতিক ইংল্যান্ডকে অবশ্যই পরাজয়ের জন্য ভীত হওয়া চলবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সুপ্রাচীন এই সিরিজটি ৮ জুলাই কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুরু হবে।
 
ইংল্যান্ড ২০১৩-১৪ মৌসুমের ৫-০ ব্যবধানের হারটির শোধ নিতেই মাঠে নামবে। তারই প্রাক্কালে সতীর্থদের নির্ভীক ক্রিকেট খেলার তাগিদ দিলেন ২০০৫ সালের অ্যাশেজ জয়ী অধিনায়ক ভন। অপরদিকে মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া এরই মধ্যে ইংল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচ খেলছে। সফরের প্রথম চারদিনের প্রস্তুতি ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ কেন্ট। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটি নিয়ে মাইকেল ভন বিবিসিকে বলেন,‘আমরা হারকেও পরোয়া করি না, এমন মনোভাব নিয়েই অস্ট্রেলিয়ার মোকাবেলা করতে হবে। কারণ সেটাই কেবল তাদের সম্পর্কে অস্ট্রেলিয়াকে আরও বেশি ভীত করে তুলবে।
 
ভন আরো বলেন,‘তাদের (ইংল্যান্ড) মধ্যে কোন প্রকার ভয় বা দুশ্চিন্তা থাকলে তারা আর কুলিয়ে উঠতে পারবে না।’
 
আলস্টেয়ার কুকের ইংল্যান্ড দল নতুন কোচ ট্রেভর বেলিসের অধীনে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সমাপ্ত তীব্র উত্তেজনাপূর্ণ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতে ইংল্যান্ড দল পুনরুজ্জীবিত ইতিবাচক মানসিকতা নিয়েই টেস্ট ও ওয়ানডে সিরিজে অজিদের মুখোমুখি হবে।
 
অ্যাশেজ টেস্ট সিরিজ সূচী:
প্রথম টেস্ট: কার্ডিফ ৮-১২ জুলাই
দ্বিতীয় টেস্ট: লর্ডস ১৬-২০ জুলাই
তৃতীয় টেস্ট: এজবাস্টন ২৯ জুলাই-২ আগস্ট
চতুর্থ টেস্ট: ট্রেন্ট ব্রিজ ৬-১০ আগস্ট
পঞ্চম টেস্ট: ওভাল ২০-২৪ আগস্ট