ওয়ানডে দলে ফিরলেন বিজয়-রিয়াদ

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২২:৩৬
 
২০১৪ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান ছিলো তার। বাদ পড়েছিলেন ইনজুরির কারণে। সেই বাদ পড়ার পর সুস্থ হয়েও দলে ফেরা হচ্ছিলো না। কারণ দুটো। প্রথমত তার বদলে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সৌম্য সরকার। দ্বিতীয় তার সিঙ্গেল বের করতে না পারা নিয়ে ম্যানেজমেন্টের অসন্তোষ।
 
অবশেষে দলে ফিরলেন এনামুল হক বিজয়। শুধু বিজয় নয়, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশের ‘বিশ্বকাপ হিরো’ মাহমুদউল্লাহ রিয়াদও।
 
এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে সর্বশেষ ওয়ানডে দল থেকে বাইরে চলে যেতে হয়েছে রনি তালুকদার ও মুমিনুল হককে। প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দল ঘোষনা করতে গিয়ে অবশ্য বললেন, রনির ব্যাপারটা স্রেফ আপাতত। টিম কম্বিনেশনের কারণে তার না খেলেই বাদ পড়তে হলেও তিনি ঘোরতর বিবেচনায় আছেন। খুব দ্রুতই আবার দলে ফিরে আসবেন তিনি।
 
রিয়াদের ব্যাপারে খুব বেশী কিছু বলার নেই। প্রধাণ নির্বাচক শুধু বললেন, ‘আমরা ওর সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম। রিয়াদ অটোমেটিক চয়েস। ফিজিও ও চিকিত্সক জানিয়েছে, ওকে নির্বাচনের জন্য পাওয়া যাবে। ফলে ওকে আমরা নিয়ে নিয়েছি।’
 
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।