ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনার সময়সীমা বাড়লো

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৪:৩৪
 
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়ে মতানৈক্যের মধ্যে তেহরান ও ছয় জাতির মধ্যে পারমাণবিক চুক্তির লক্ষ্যে ভিয়েনায় চলা আলোচনার সময় আরো তিন দিন বাড়ানো হয়েছে। তবে পশ্চিমা কূটনীতিকরা সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে এখনও আশাবাদী।
 
কূটনীতিকরা জোর দিয়ে বলেছেন, ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে মতপার্থক্য আলোচনাকে ক্রমেই সংকীর্ণ করে তুলছে এবং বেশ কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, চুক্তি করতে উভয় পক্ষের সুস্পষ্ট আগ্রহ রয়েছে।
 
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ‘আগামী ১০ জুলাই শুক্রবারের মধ্যে ইরান ও ছয় জাতির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি করতে কার্যকর পদক্ষেপের জন্য আমরা প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা গ্রহণ করছি।’
 
তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে চুক্তির বিস্তারিত কার্যক্রম সম্পন্ন করতে আলোচকদের আরো কিছু সময় প্রয়োজন।’

খবর এএফপির।