ধানমন্ডিতে দুর্ঘটনায় শিশু নিহত, বাসে অগ্নিসংযোগ

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৭:৪৫
 
রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় ফাহিম আহমেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেছে। বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
 
ধানমন্ডি থানার ওসি নূরে আজম জানান, ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি বাস থেকে নামছিল শিশুটি। এ সময় পেছন থেকে ভিআইপি-২৭ নামের আরেকটি বাস এসে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ক্ষুব্ধ জনতা ওই দুই বাসের চালককে ধরে পিটুনি দিয় এবং ভিআইপি-২৭ নামের বাসটিতে আগুন লাগায়।
 
 
পুলিশ গিয়ে বাসের চালক দুজনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে এসেছে। আহত ছেলেটি বেলা দুইটার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 

তাত্ক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ১২ বছর বলে জানা গেছে।