পুঁজিবাজারে কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার প্রবণতা বুধবারও অব্যাহত ছিল। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। বাজারে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাতের। এ দুই খাতে লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪১ শতাংশ।
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ বেড়ে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২ বেড়ে ১ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮১ বেড়ে ১৪ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।
ইত্তেফাক/সিএফ
