সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে

বস্তিতে নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধা বাড়ানোর পরিকল্পনা

আপডেট : ০৮ জুলাই ২০১৫, ১৮:৪৯

রাজধানীর মাত্র ১২ শতাংশ বস্তিতে নিরাপদ স্বাস্থ্য সুবিধার আওতায় আছে। সুবিধাবঞ্চিত বাকী বস্তি এলাকায় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এবিষয়ে একযোগে কাজ করবে সরকারী সংস্থা ঢাকা ওয়াসা এবং বেসরকারী সংস্থা এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ।

বুধবার এনিয়ে রাজধানীর একটি হোটেলে সংস্থা দু’টির মাধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায় এবং এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও ফোরামের প্রকল্প ব্যবস্থাপক এম নূরন নবী। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ঢাকা শহরে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় বস্তির বিপুল সংখ্যক মানুষের পানি ও স্যানিটেশন সুবিধা উন্নয়নে বিভিন্ন এনজিও কাজ করছে। বিশেষ করে বস্তিবাসীকে ওয়াসার বৈধ গ্রাহক করা, নিয়মিত বিল পরিশোধ করা, নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যাভাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বেসরকারি সংস্থার ভূমিকা অনেক।

এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ বলেন, ২০১২ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সকল মানুষের মৌলিক বিষয়গুলি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বস্তিবাসীদের দিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন। এই চুক্তির মাধ্যমে বস্তিবাসীদের নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার বিশেষ সুযোগ তৈরি হলো।