বার্সায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তুরান

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১২:০৩
 
মেসি-নেইমারদের সতীর্থ হয়ে খেলার স্বপ্নপূরণ হতে চলায় উচ্ছ্বসিত তুরস্কের মিডফিল্ডার আরদা তুরান। এক সাক্ষাত্কারে তুরান বলেছেন, ‘মেসি, ইনিয়েস্তা বা নেইমারের সঙ্গে খেলার স্বপ্ন আমার। তারা আমার আদর্শ; তারা বিশ্বের সেরা দলটা গড়েছে।’
 
বার্সেলোনার ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় নতুন দলের হয়ে আগামী জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না তুরান। বিষয়টা কষ্টের হলেও মেনে নিচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। বলেছেন, ‘ছয় মাস মাঠের বাইরে থাকাটা কঠিন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমি বার্সার হয়ে খেলব। জানুয়ারিতে বার্সার হয়ে অভিষেক হওয়ার আগ পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। দলকে সব শিরোপা জিততে আমি সাহায্য করব।’
 
আতলেতিকো মাদ্রিদের মাঝ মাঠে খেলা তুরান বার্সেলোনায় নিজের পজিশন নিয়েও ভাবছেন না। তুরস্কের এই তারকা ফুটবলার জানিয়েছেন, কোচ লুইস এনরিকে তাকে যে পজিশনে খেলাবেন, সেখানে খেলার জন্যই তৈরি তিনি।