মেক্সিকোর উত্তরাঞ্চলে দেশটির সৈন্যরা অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। একটি মাদক চক্র এই অস্ত্রগুলো ব্যবহার করত। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি রাইফেল, তিনটি সাবমেশিন গান ও তিনটি গ্রেনেড লঞ্চার। নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সৈন্যরা মঙ্গলবার মার্কিন সীমান্তবর্তী নগরী রেইনোসার আশপাশের এলাকায় টহল দেয়ার সময় এই গোপন অস্ত্রাগারের সন্ধান পায়।
বন্দুক ছাড়াও এ সময় একে-৪৭ রাইফেলের ৫ হাজার ৫৭৯ রাউন্ড কার্তুজ ও বিপুল সংখ্যক ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী উদ্ধারকৃত বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করেছে। এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি।
খবর বাসসের।
