দুঙ্গার পাশে মিরান্দা

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১২:১৭
 
কোপা আমেরিকায় ব্রাজিল ব্যর্থ হওয়ায় চরম সমালোচনার মুখে পড়েছেন কোচ কার্লোস দুঙ্গা। তবে এই বিপদের দিনে গুরুর পাশে দাঁড়িয়েছেন শিষ্য মিরান্দা। কোচ হিসেবে দুঙ্গাকে যোগ্য ব্যক্তি হিসেবেই দেখছেন এই ডিফেন্ডার।
 
মিরান্দা বলেছেন, ‘দুঙ্গা দারুণ কাজ করছে। কিছু কঠিন মুহূর্ত আসে এবং এটা স্বাভাবিক। আমরা এ পর্যন্ত যা ভালো কাজ করেছি, তা দুটো হারেই মুছে যেতে পারে না। আমরা টানা ১১টা ম্যাচ জিতেছি এবং দুটি হারের পর আমরা বলতে পারি না সব ভুল।’
 
২০১০ বিশ্বকাপে ব্রাজিল কোচ ছিলেন দুঙ্গা। দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফেরার পর কোচের চাকরি হারান তিনি। তবে ২০১৪ বিশ্বকাপে লুইস ফেলিপে স্কলারির ব্যর্থতার পর নেইমারদের কোচের পদে ফেরেন তিনি। মিরান্দা মনে করেন, সাফল্য পেতে হলে দুঙ্গাকে আরো সময় দিতে হবে।