ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ কুস্তি দল। চীনে অনুষ্ঠেয় ১১তম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো অংশ নেবে তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ কুস্তি দল। ১১ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এ বিষয়ে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও স্বাগতিক চীন ছাড়াও এ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, কাজাখস্তান, ইরানসহ ২০ দেশের কুস্তি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় হলেন বিল্লাল হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়ার ছেলে বিল্লাল খেলবেন ৯৭ কেজি ওজন শ্রেণিতে। দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকছেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিল্লাল হোসেন এর আগে কাজাখস্তানে অনুষ্ঠিত দশম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
