গ্রিসের ঋণ পুনর্বিন্যাসের পক্ষে আইএমএফ

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৭:৩২
 
 
                                       
 
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লেগার্দ বলেছেন, ‘গ্রিসের ঋণ পুনর্বিন্যাস করা প্রয়োজন।’  খবর বিবিসির।
 
এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যাক লিউ বলেছিলেন, ‘গ্রিসের ঋণে ছাড় দেয়া প্রয়োজন। কারণ, ইউরো থেকে গ্রিসের বের হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।’
 
মার্কিন ট্রেজারি সেক্রেটারি ঋণ ছাড়ের কথা বললেও জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বারবার বলে এসেছেন, ‘ছাড় দেয়ার কোনো সুযোগ নেই এবং এটি ইউরোপীয় ইউনিয়নের চুক্তিরও পরিপন্থী।’
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে গ্রিসের প্রায় আড়াই হাজার কোটি ডলারের ঋণ রয়েছে। তবে এর ৩০ হাজার কোটি ডলার ঋণের অধিকাংশই ইউরোজোনের দেশগুলোর কাছ থেকে নেয়া।’
 
ঋণ-সংকট সমাধানে ইউরোজোনের প্রস্তাব ‘না’ ভোটে বর্জনের পর গ্রিসকে নতুন একটি প্রস্তাব দেয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন।’
 
গ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস জানিয়েছেন— ইউরোজোনের বেঁধে দেয়া সময় সীমার মধ্যেই তারা একটি গ্রহণযোগ্য প্রস্তাব উপস্থাপন করবেন।
 
গ্রিক ঋণ সংকটের ওপর ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্ক চলাকালে এ কথা বলেন  সিপ্রাস।
 
তিনি বলেন, ‘‘রবিবারের গণভোটে ‘না’ জবাবের পর গ্রিক জনগণ আশা করছে—খুব দ্রুতই ব্যায় সংকোচন নীতির অবসান হবে। দেউলিয়ত্ব ঠেকাতে তৃতীয়বারের মতো একটি উদ্ধার প্যাকেজের জন্য চেষ্টা চালাচ্ছে গ্রিস।’
 
দেশটিতে ব্যাংকগুলো এখনো বন্ধ রয়েছে এবং সপ্তাহের বাকি দিনগুলোও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ক্যাশ মেশিন থেকেও দৈনিক ৬০ ইউরোর বেশি অর্থ তোলা বন্ধ রয়েছে।
 
তবে গ্রিক সরকার জোর দিয়ে বলছে—দেশটিতে খাদ্য ও জ্বালানি সংকটের কোনো হুমকি নেই।