ছিটমহল বিনিময়: পঞ্চগড়ে তিনদিনে ৮৫ জনের ভারতবাসী হওয়ার আবেদন

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৮:৪৮
বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের মধ্যে ৬৮ বছর ধরে ঝুঁলে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় হচ্ছে ৩১ জুলাই মধ্যরাতে। এ খবরে ছিটবাসীদের মাঝে বইছে আনন্দের বন্যা। ইতিমধ্যে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে যৌথ হেডকাউন্টিং বা জনগণনার কাজ। চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। শুরুতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকরা বাংলাদেশেই থেকে যাবে এমনটা ধারণা করা গেলেও এখন দেখা যাচ্ছে অনেকেই ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে নির্দিষ্ট ফরম পুরণ করে ছবি তুলছেন।
 
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের ছিটমহল জরিপ সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পঞ্চগড় জেলায় অবস্থিত ৩৬টি ছিটমহলের জনগণনার প্রথম তিন দিনে ভারতে যেতে ফরম পুরণ করেছেন ৮৫ জন। এর মধ্যে প্রথম দিন আবেদন করে ৪০ জন, দ্বিতীয় দিন ২৬ জন এবং তৃতীয় দিন ১৯ জন। তবে কয়টি পরিবারের সদস্য ভারতে যাবে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য দেয়নি নিয়ন্ত্রণ কক্ষ।
 
এদিকে ২০১১ সালের জনগণনার তালিকার সাথে এই তিনদিনে নতুন করে তালিকাভুক্ত হয়েছে আরো আট শ ৩৫ জন। এদের মধ্যে জন্ম সূত্রে  পাঁচ শ ৯১ জন এবং বিবাহ সূত্রে দুই শ ৪৪ জন। আর মৃত্যুজনিত কারণে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৮২ জনের নাম।

কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার শাহিন রেজা বলেন, ‘প্রতিটি ছিটমহলে সুষ্ঠুভাবে জনগণনার কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোন জায়গায় সমস্যার সৃষ্টি হয়নি। আশা করছি ১৬ জুলাই কার্যক্রম শেষে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারব।’