পুঁজিবাজারে বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। এ দিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। আর দর বৃদ্ধির শীর্ষে ছিল আরামিট সিমেন্ট। টানা তিন কর্মদিবস ধরে পুঁজিবাজারের সূচক বাড়ছে। তিন দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৭৩ পয়েন্ট।
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ বেড়ে ৪ হাজার ৫৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১১ বেড়ে ১ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫১ বেড়ে ১৪ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৯ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।