নওগাঁর পত্নীতলা থানার ‘বিতর্কিত’ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিককে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আব্দুর রফিককে এ পুরস্কার দেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, ২২ জুন আকবরপুর গ্রামের আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় তাত্ক্ষণিক ১৬ জন আসামিকে গ্রেফতার করায় ও বিভিন্ন কর্মকাণ্ডে তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। অন্যদিকে আকবরপুর গ্রামের ভূমিহীন ও আদিবাসী ইমাজ উদ্দিন, উকিল উড়াও, সনু উড়াও জানান, আব্দুল মতিনের নেতৃত্বে আদিবাসী পল্লীতে সশস্ত্র হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালানোর ঘটনায় ওসি আব্দুর রফিক মোটা অঙ্কের উেকাচ গ্রহণ করে নীরব ভূমিকা পালন করেন। ওসি আব্দুর রফিকের কারণেই এই হতাহতের ঘটনাটি ঘটেছে। জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার সভাপতি সুধীর তির্কী জানান, ঐ হামলার আগে আরো একবার সন্ত্রাসীরা গ্রামে হামলা চালালে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।
আব্দুর রফিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আকবরপুর গ্রামে ঐ হামলার ঘটনায় জড়িত মূল হোতা আব্দুল মতিনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
