দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নায়ক রাজ রাজ্জাক। এখন বাসায় পূর্ণ বিশ্রামে আছেন তিনি। রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা এখন ভালো আছেন। ডাক্তার পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। রুটিন মেনে চলার পরামর্শ দিয়েছেন। আর সপ্তাহে একবার চেকআপের জন্য যেতে হবে। বাসার সবার চিন্তা এখন বাবাকে নিয়ে। সবার কাছে দোয়া চাই বাবা যেন ভালো থাকেন।’
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন রাজ্জাক। শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অভিনয় থেকেও দূরে অনেকদিন। শেষ পর্যন্ত শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
