ইউরোপীয় অর্থ দাতাদের সহায়তা পাওয়ার আশায় গ্রিসের অর্থনৈতিক সংস্কার আনতে অবশেষে দেশটি নতুন একটি প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এই প্রস্তাব জমা দেয়ার শেষ দিন ছিল।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাবে অর্থ-দাতাদের সুপারিশ মতো কর বৃদ্ধি করা ও পেনশন বিধিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস বলেছেন, সরকার অর্থনৈতিক সংস্কারে সম্মত হয়েছে এবং এখন তৃতীয়বারের মতো বেইলআউটটি পাওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে।
ইউরো জোন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার শেষ হবার কিছু সময় আগে তারা গ্রিসের এই প্রস্তাব পেয়েছে এবং ইউরো জোনের অর্থমন্ত্রীরা এই প্রস্তাবটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে।
গ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস যে প্রস্তাব এনেছেন এটির উপরে আজ দেশটির সংসদে ভোটাভুটি হবে। শনিবার সংসদে পাশ হলে ইউরো জোনের নেতারা বিষয়টিকে বিবেচনা করবেন।
এরপর রবিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে বৈঠক হবার কথা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে গ্রিসের আনিত এই প্রস্তাবের ব্যাপারে।
গত রবিবারে যে গণভোট হয়েছিল সেখানে কৃচ্ছতাসাধনের বিষয়ে অসম্মতি জানিয়ে না ভোট দিয়েছিল গ্রিসের জনগণ। কিন্তু গ্রিসের গণমাধ্যমগুলো বলছে, নতুন এই প্রস্তাবে কর বৃদ্ধি, প্রাইভেটাইজেশান বা বেসরকারিকরণ এবং খরচ কমানোর মতন বিষয়গুলো রয়েছে।
নতুন করে আরো তিন বছরের জন্য একটি বেইলআউট চাচ্ছে গ্রিস। আর সেই সঙ্গে দেশটির কাঁধে যে বিপুল ঋণের বোঝা চেপেছে সেটিরও কিছুটা পুনর্গঠন চাচ্ছে দেশটি। সূত্র: বিবিসি।
