একজন বিশাল মোটা, আরেকজন লিকলিকে শুকনো। এই মজার দুই চরিত্র নিয়ে নির্মিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কার্টুনের নাম ‘মোটু পাতলু’। সব বয়সী দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এই সিরিজটি বিশ্বের ৯টি দেশে দেখানো হচ্ছে, ডাবিং হয়েছে পাঁচটি ভাষায়। সম্প্রতি বাংলা ভাষায়ও এর ডাবিং হয়েছে। এবারের ঈদ উল ফিতরের দিন থেকে মাছরাঙা টেলিভিশনে সিরিজটির প্রচার শুরু হবে। শিশুদের ঈদ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করার লক্ষ্যে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ২ মিনিটে এটি প্রচারিত হবে। ঈদের পর থেকে ‘মোটু পাতলু’ প্রচারিত হবে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে। এছাড়া শুক্রবার ও শনিবার সকাল ৯টায় পুরো সপ্তাহের সবগুলো পর্ব একসঙ্গে দেখানো হবে।
