শুধু ছোটদেরই নয়, বড়দের কাছেও জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র সিরিজ ‘ডেসপিক্যাবল মি’। ২০১০ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম ছবিটি। সেই সফলতার পর ২০১৩ সালে মুক্তি পায় দ্বিতীয় ছবিটি। ছবিগুলোর মিনিয়ন চরিত্রগুলো এখন দারুণ জনপ্রিয়। এবার শুধু মিনিয়নদের নিয়ে সিনেমা নির্মাণ করছে প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স ও ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট। ‘ডেসপিক্যাবল মি’-এর তৃতীয় এই সিক্যুয়াল ১০ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে মুক্তি পাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। নতুন সিনেমাটিতে দেখা যাবে পৃথিবীতে শুরু থেকেই মিনিয়নদের বসবাস। ডাইনোসর থেকে নেপোলিয়ন, চেঙ্গিস খান ও ড্রাকুলার মতো প্রতাপশালীদের অধীনে কাজ করে তারা। কিন্তু প্রতিবারই তাদের কোনো না কোনো কর্মকাণ্ডে মারা যায় সেই শাসক। এক সময় সিদ্ধান্ত নেয় পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে অ্যান্টার্কটিকায় গিয়ে বসবাস করবে তারা। কিন্তু কোনো গুরু না থাকায় হতাশায় ভুগতে থাকে। ‘মিনিয়ন’-এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সান্ড্রা বুলক, মাইকেল কিটন, জন হ্যামসহ অনেকে।
